গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ঢাবিতে হারিকেন ও হাড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ

0
28
গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ঢাবিতে হারিকেন ও হাড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। হারিকেন ও হাড়ি-পাতিল হাতে এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা লোডশেডিং, বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতির প্রতিবাদ জানান।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট চলছে। ঢাকার বাইরের অনেক জেলায় প্রতিদিন ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এমনকি গভীর রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।

তারা আরও দাবি করেন, আগের তুলনায় বিদ্যুৎ ব্যবহারে তেমন পরিবর্তন না এলেও অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি বিল এসেছে বলেও অভিযোগ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, নাগরিক সমস্যার সমাধান না হয়ে বরং দিন দিন তা আরও বাড়ছে। তাদের অভিযোগ, জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়েছে, যা বাস্তব ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বক্তারা আরও অভিযোগ করেন, অনেক স্থানে গ্যাসের সংকট রয়েছে, অথচ গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের ভাষ্য, সমস্যা সমাধানের পরিবর্তে জনগণের দুর্ভোগ আরও বাড়ছে।

বিক্ষোভ থেকে আরও দাবি করা হয়, অনেক এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টারও বেশি সময় লোডশেডিং হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে পরিবর্তন না থাকলেও অতিরিক্ত বিল আসছে বলে অভিযোগ করেন তারা।

এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তারা বলেন, নির্বাচিত সরকার গঠনের পর জনগণের সমস্যার সমাধান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here