চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল পুলিশ উপপরিদর্শকের মরদেহ

0
33
চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল পুলিশ উপপরিদর্শকের মরদেহ

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে আমিনুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একই কক্ষ থেকে তার স্ত্রী তাহমিনা আক্তার (২৮) ও ১০ মাস বয়সী সন্তান ফাতেয়া আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বড়তাকিয়া এলাকার ‘হোটেল রিলেক্স জোন’ নামের একটি আবাসিক হোটেল থেকে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। তিনি রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ লাইনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, আমিনুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। রোববার (৯ আগস্ট) দুপুরে সন্তানের জন্মনিবন্ধন করার কথা বলে স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে যান আমিনুল। পরে বড়তাকিয়ার ওই আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। একই কক্ষ থেকে তার স্ত্রী ও শিশুসন্তানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে এএসপি নাদিম হোসেন চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্ত্রী ও শিশুকে কীভাবে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে এবং ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here