সিলেটের আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার দুপুরে সিলেটের বিচারিক হাকিম আদালতে হাজির করা হয় আসামিদের। তারা হলেন কানাইঘাট উপজেলার আলিফজান (৫৫), তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), ইসলাম উদ্দিন (৪০), এবং নাজমা বেগম (৩৫)।
পুলিশ জানায়, প্রধান আসামি মার্জিয়া ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার কথা বললেও তা দেননি। আদালত তাদের পুনরায় রিমান্ডে নেওয়ার দরকার হলে পুলিশের পক্ষ থেকে আবেদন করার সুযোগ রেখেছেন।
প্রসঙ্গত, ৩ নভেম্বর নিখোঁজ হওয়া শিশু মুনতাহার অর্ধগলিত মরদেহ ১০ নভেম্বর বাড়ির পাশের খালে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৯ নভেম্বর মুনতাহার বাবা শামীম আহমদ অজ্ঞাতদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।

