পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। নতুন পরিবহনসেবার আওতায় এই উদ্যোগ বাংলাদেশে প্রথমবারের মতো কার্যকর হলো।
দুবাই থেকে পাকিস্তানের করাচি হয়ে চট্টগ্রামে আসা ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ জাহাজে মোট ছয় হাজার ৩৩৭ টন শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য এসেছে। এসব পণ্য পাকিস্তানের ১৮টি রপ্তানিকারক প্রতিষ্ঠান সরবরাহ করেছে।
পণ্য তালিকা
- সোডা অ্যাশ: ১১৫ কনটেইনার। এটি টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল।
- ডলোমাইট: ৪৬ কনটেইনার।
- চুনাপাথর: ৩৫ কনটেইনার।
- ম্যাগনেশিয়াম কার্বোনেট: ছয় কনটেইনার।
- ভাঙা কাচ: ১০ কনটেইনার।
- পোশাক শিল্পের কাঁচামাল (কাপড়, রং): ২৮ কনটেইনার।
- গাড়ির যন্ত্রাংশ: এক কনটেইনার।
এবারের চালানে আকিজ গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিনস, এক্স সিরামিকস, এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসসহ একাধিক প্রতিষ্ঠান পণ্য আমদানি করেছে।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, জাহাজটি থেকে মোট ৩৭০ কনটেইনার নামানো হয়, যার মধ্যে ২৯৭ কনটেইনার পাকিস্তান থেকে এবং বাকি ৭৩ কনটেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সরাসরি পরিবহনসেবা চালু হওয়ায় ব্যবসায়িক খাতে ইতিবাচক প্রভাব পড়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

