কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সফরকালে তিনি রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং শরণার্থীদের জীবনযাত্রা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজারে অবস্থানকালে সার্জিও গোর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি), জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে শরণার্থীদের জীবনযাত্রা, বর্ষা মৌসুমে সৃষ্ট ঝুঁকি এবং চলমান ত্রাণ কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নেবেন। সাম্প্রতিক ভারী বর্ষণে ক্যাম্প এলাকায় ভূমিধস ও বন্যার ঝুঁকি বেড়ে যাওয়ায় মানবিক পরিস্থিতিও তার আলোচনায় গুরুত্ব পাবে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন বিশেষ দূত। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং তা আরও বাড়ানোর অনুরোধ জানায়।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতোমধ্যে আরও দৃঢ় হয়েছে এবং উভয় দেশ পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বড় ধরনের মানবিক, সামাজিক ও অর্থনৈতিক চাপ বহন করছে। এ কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক ও বর্ধিত সহযোগিতা এখন অত্যন্ত জরুরি।
তিন দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সার্জিও গোর। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সফর শেষে শনিবারই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।