বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে করা রিটের আদেশ পিছিয়ে গেছে। হাইকোর্ট আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) এ বিষয়ে আদেশ দেবেন।
বুধবার (২১ মে) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ সময় নির্ধারণ করেন।
রিটে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে তা স্থগিত এবং ইশরাক হোসেনকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চাওয়া হয়েছে। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। রিটের শুনানি শেষে আদালত বৃহস্পতিবার আদেশের জন্য দিন নির্ধারণ করেন।
এর আগে মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদনটি দাখিল করা হয়। এতে বলা হয়, ২০২০ সালের সিটি নির্বাচনে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন নির্বাচন কমিশনের হঠাৎ গেজেট প্রকাশ আইনসিদ্ধ নয়।
ইশরাক হোসেনের সমর্থকেরা গত এক সপ্তাহ ধরে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর নগর ভবন, মৎস্যভবন ও আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন।


