এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ

0
20
এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডির দৃশ্যমান তথ্য সংশোধনের জন্য সর্বোচ্চ ভ্যাটসহ ৪৬০ টাকা এবং হারানো এনআইডির জরুরি কপি তুলতে সর্বোচ্চ ১ হাজার টাকা ফি দিতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এ বিষয়ে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে। ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বিভিন্ন সেবার নতুন ফি উল্লেখ করা হয়েছে।

নতুন ফি অনুযায়ী, এনআইডির দৃশ্যমান তথ্য প্রথমবার সংশোধনে ভ্যাটসহ ২৩০ টাকা, দ্বিতীয়বার ৩৪৫ টাকা এবং পরবর্তী প্রতিবার ৪৬০ টাকা দিতে হবে। অন্যদিকে তথ্য-উপাত্ত সংশোধনের ক্ষেত্রে প্রথমবার ভ্যাটসহ ১১৫ টাকা, দ্বিতীয়বার ২৩‍০ টাকা এবং পরবর্তী প্রতিবার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

হারানো এনআইডি পুনরায় তুলতে সাধারণ আবেদনের ক্ষেত্রে প্রথমবার ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী প্রতিবার ৫০০ টাকা ফি লাগবে। জরুরি আবেদনের ক্ষেত্রে প্রথমবার ৩০০ টাকা, দ্বিতীয়বার ৫০০ টাকা এবং পরবর্তী প্রতিবার ১ হাজার টাকা দিতে হবে। এসব ফি-এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

এ ছাড়া রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ৫ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনি দলিল-দস্তাবেজ পরিদর্শন বা কপি সংগ্রহ এবং ভোটার তালিকার প্রত্যয়নকৃত কপি পেতে ১০০ টাকা করে দিতে হবে। ভোটার তালিকা পরিদর্শনের জন্য ফি ৫০ টাকা। ছবি ছাড়া ভোটার তালিকার সিডি নিতে ইউনিয়ন, সিটি বা পৌর ওয়ার্ডপ্রতি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই ও সরবরাহ সেবার জন্য সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষকে এককালীন ৫ লাখ টাকা নিবন্ধন ফি এবং বার্ষিক ১ লাখ টাকা নবায়ন ফি দিতে হবে। সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানের মতো সুবিধা নিতে চাইলে প্রতিবার তথ্য যাচাইয়ে ২ টাকা ফি দিতে হবে।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রথম ৭০ জন সাব-ইউজারের জন্য জনপ্রতি ৪ হাজার টাকা এবং পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা ফি দিতে হবে। প্রতিবার তথ্য যাচাইয়ের জন্য তাদের ৫ টাকা করে পরিশোধ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here