চট্টগ্রামের খুলশী থানার একটি ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিম ওরফে সিলেটি জসিমকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জসিম নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার সরাফত আলীর ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, সাজা এড়াতে আসামি জসিম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-১৪ এর একটি যৌথ দল ময়মনসিংহের ভালুকার গ্যাসলাইন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আদালত জসিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার জন্য তাঁকে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।