যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন ব্যক্তিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ভ্রমণকারীকে নিজের ভ্রমণ ব্যয় এবং যেকোনো জরুরি পরিস্থিতির খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে হবে।
সোমবার (৩ আগস্ট) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করার সময় এমন পরিস্থিতির কথাও বিবেচনায় রাখতে হবে, যেখানে ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে বা চিকিৎসাজনিত জরুরি প্রয়োজন দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে নিজের খরচ নিজেকেই বহন করার মতো আর্থিক প্রস্তুতি থাকা জরুরি।
মার্কিন দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে এর স্থায়ী প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা কিংবা কাজের সুযোগ হারাতে পারেন।