রূপপুরে দুই রুশ নাগরিকের সংঘর্ষ : একজন নিহত, আরেকজন হাসপাতালে

0
33
রূপপুরে দুই রুশ নাগরিকের সংঘর্ষ : একজন নিহত, আরেকজন হাসপাতালে

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসিক এলাকা গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

নিহত কুদরিন সার্গেই (৫৬) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইনস্পেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫১ নম্বর কক্ষে থাকতেন। আহত রুশ নাগরিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সকালে মদ্যপানের পর দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা একে অপরকে আঘাত করলে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের গ্রিন সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সার্গেইর অবস্থার অবনতি হলে তাকে পাবনার একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here