কুমিল্লার চৌদ্দগ্রামে অবস্থিত দেশের একমাত্র জেএমআই সিরিঞ্জ কারখানার শ্রমিকরা সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সকালে তারা কারখানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অবরোধ করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচি চলমান ছিল।
আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন জেএমআই সিরিঞ্জ কারখানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী মিলন হাজারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে চৌদ্দগ্রাম মডেল থানা।
শ্রমিকদের অভিযোগ, ২০২৪ সালে উত্থাপিত ১৩ দফা দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ছয় মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিলেও দুই বছর পরও গুরুত্বপূর্ণ দাবিগুলো পূরণ হয়নি। এ কারণে তারা এবার সাতটি দাবিকে সামনে রেখে নতুন করে আন্দোলন শুরু করেছেন।
তাদের দাবির মধ্যে রয়েছে সরকারি বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ১২ হাজার ৩৫০ টাকা বেতন কার্যকর, চাকরি স্থায়ীকরণ, পরিচয়পত্র প্রদান, বার্ষিক বেতন বৃদ্ধি, হয়রানি ও অযৌক্তিক চাকরিচ্যুতি বন্ধ, অভিযুক্ত কর্মকর্তাদের অপসারণ, আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং নামাজের জন্য নির্দিষ্ট স্থান ও সময় নিশ্চিত করা।
শ্রমিক নেতা কাজী মিলন হাজারী বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন জানান, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এদিকে, শ্রমিক প্রতিনিধি, কারখানা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলছিল। তবে কারখানার ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।