আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

0
3
আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুই হত্যা চেষ্টা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

গতকাল বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ জামিনের আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ। শুনানি শেষে তিনি জানান, খিলগাঁও ও মুগদা থানার হত্যা চেষ্টা মামলায় জারি করা রুল যথাযথ রেখে আদালত তার মক্কেলকে জামিন দিয়েছেন।

এর আগে রাজধানীর আরও তিনটি মামলায়ও ব্যারিস্টার সুমন হাইকোর্ট থেকে জামিন পান। তবে ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ (স্টে) চেয়ে আবেদন করেছে, যা এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।

আইনজীবী এম. লিটন আহমেদ আরও জানান, হাইকোর্টে এ দুটি মামলায় জামিন মিললেও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে বিচারিক আদালতে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। সেসব মামলার কার্যক্রম সংশ্লিষ্ট আদালতে চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়। এরপর বিভিন্ন মামলায় তিনি পর্যায়ক্রমে জামিনের আবেদন করেন। সর্বশেষ এই দুই মামলায় জামিন পাওয়ায় হাইকোর্টে জামিনপ্রাপ্ত মামলার সংখ্যা দাঁড়াল পাঁচটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here