ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান টানাপোড়েনকে ‘দাবার খেলা’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।
রোববার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা এখনো পুরোপুরি এগোয়নি। হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে তেহরানের এখনো কোনো সমঝোতা হয়নি। এর মধ্যে শনিবার ইরান নতুন কিছু দাবিও জানিয়েছে।
তবে সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হুমকি দেননি ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে ইরান ‘খুব খারাপ অবস্থায়’ রয়েছে। অন্যদিকে তেলের দাম ব্যারেলপ্রতি ৭৫ ডলারে নেমে আসায় মার্কিন ভোক্তাদের ওপরও চাপ কিছুটা কমেছে বলে মন্তব্য করেন তিনি।
ইরানের সঙ্গে চলমান দর-কষাকষি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘সব ঠিক হয়ে যাবে। সব সময়ই ঠিক হয়ে যায়। এটা অনেকটা দাবার খেলার মতো।’
এ সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সঙ্গে শুধু আংশিকভাবে আলোচনা করছি। আমরা ইরানের ব্যাপক মূল্যস্ফীতি এবং তাদের অর্থের সংকটের দিকে নজর রাখছি।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে এখন ‘লো-কিইং ইট’ বা অপেক্ষাকৃত নীরব অবস্থান নিয়েছে। ট্রাম্পের ভাষ্য, ওয়াশিংটন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়তে দিচ্ছে।
হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে সমঝোতার বিষয়ে ট্রাম্পের বক্তব্য এমন সময়ে এলো, যখন গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল ঘিরে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।