হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় দলের নেতাদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ৩০ ও ৩১ জুলাই সিলেটে এনসিপির নির্ধারিত জুলাই পদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র সহসভাপতি তুহিন মাহমুদ। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
জেলা যুবশক্তির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাকিল সাইফুল্লাহ বলেন, সত্য কথা বলার কারণেই আমাদের দলের নেতাদের ওপর হামলা হয়েছে। আমরা ভেবেছিলাম নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করবে। কিন্তু সভা-সমাবেশে হামলার মাধ্যমে সেই সাংবিধানিক অধিকারেই হস্তক্ষেপ করা হয়েছে।
সমাবেশ শেষে নেতা-কর্মীরা হবিগঞ্জের হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত এবং বিরোধী রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।