নাটোরে গরুবোঝাই ভটভটিতে বাসের চাপা, নিহত ৩

0
18
নাটোরে গরুবোঝাই ভটভটিতে বাসের চাপা, নিহত ৩

নাটোরের গুরুদাসপুর উপজেলায় গরুবোঝাই ভটভটিতে যাত্রীবাহী বাসের চাপায় তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর পাগলা বাজার মহল্লার মৃত শের আলী সরদারের ছেলে আব্দুর রহমান এবং একই উপজেলার ধামানিয়া গ্রামের আরশেদ আলীর দুই ছেলে আক্কাস আলী ও জাহাঙ্গীর আলম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড়াইগ্রামের বনপাড়া থেকে গরুবোঝাই ভটভটি নিয়ে চান্দাইকোনা গরুর হাটে যাচ্ছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস ভটভটিটিকে চাপা দেয়।

এ সময় ভটভটি থেকে ছিটকে বাসের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। দুর্ঘটনায় আরও অন্তত নয়জন আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস আলী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জাহাঙ্গীর আলম মারা যান।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আহত অন্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার শিকার যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here