সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। নির্দেশনায় বলা হয়েছে, বদলি-সংক্রান্ত আবেদন নির্ধারিত পর্যায়ের কমিটির মাধ্যমে নিষ্পত্তির জন্য পাঠাতে হবে। যথাযথ কর্তৃপক্ষকে এড়িয়ে সরাসরি জাতীয় কমিটির কাছে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।
সোমবার (৩ আগস্ট) জারি করা এ নির্দেশনায় ডিপিই জানায়, শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে চারটি কমিটি গঠন করা হয়েছে। তবে দেখা যাচ্ছে, উপজেলা, জেলা বা বিভাগীয় পর্যায়েই নিষ্পত্তিযোগ্য অনেক আবেদন সরাসরি জাতীয় কমিটির কাছে জমা দেওয়া হচ্ছে। এতে বদলি কার্যক্রমে শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।
নির্দেশনায় আরও বলা হয়, কিছু ক্ষেত্রে উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটির সদস্যসচিবরা আবেদন গ্রহণ না করায় শিক্ষকরা বাধ্য হয়ে জাতীয় কমিটির কাছে আবেদন করছেন। আবার অনেক শিক্ষক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না পাঠিয়ে সরাসরি জাতীয় কমিটির কাছে জমা দিচ্ছেন, যা সরকারি কার্যক্রমে জটিলতা সৃষ্টি করছে।
এ পরিস্থিতিতে উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটিকে তাদের নিজ নিজ এখতিয়ারভুক্ত আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় কমিটির এখতিয়ারভুক্ত আবেদনও নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে পাঠাতে হবে। অন্যথায় এসব আবেদনের বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
ডিপিই বিষয়টিকে অত্যন্ত জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কমিটিকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।