দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রোববার (২ আগস্ট) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। আমিরাত কর্তৃপক্ষ যে তথ্য ও নথিপত্র চেয়েছিল, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছে। একই সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সব ধরনের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, বেনজীর আহমেদকে প্রত্যাবাসনের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।