রুদ্ধশ্বাস ম্যাচে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোতে বেলজিয়াম

0
3
রুদ্ধশ্বাস ম্যাচে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোতে বেলজিয়াম

৩ মিনিটে অবিশ্বাস্য কামব্যাক: রুদ্ধশ্বাস ম্যাচে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোতে বেলজিয়াম প্রায় নিশ্চিত বিদায়ের মুখ থেকে ফিরে এসে অবিশ্বাস্য এক রূপকথার জয় তুলে নিয়েছে বেলজিয়াম। নির্ধারিত সময়ের শেষ দিকে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে সমতা ফেরানোর পর, অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে সেনেগালকে ৩–২ ব্যবধানে হারিয়েছে তারা।

সিয়াটলে অনুষ্ঠিত এই রুদ্ধশ্বাস লড়াইয়ে একপর্যায়ে ২–০ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাসপাচ্ছিল সেনেগাল। কিন্তু ৮৬ মিনিটে রোমেলু লুকাকু এবং ৮৯ মিনিটে ইউরি টিলেমান্সের চোখধাঁধানো গোলে ম্যাচে ফেরে বেলজিয়াম। নির্ধারিত সময়ের খেলা ২–২ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নাটকের চূড়ান্ত মুহূর্ত তৈরি হয়। ডান দিক থেকে টিমোথি কাস্তানিয়ের নিচু ক্রসের সময় ইউরি টিলেমান্সকে ডি-বক্সে ফাউল করা হলে পেনাল্টির জোরালো দাবি তোলে বেলজিয়াম। ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। এর কিছুক্ষণ আগেই ডোডি লুকেবাকিওর একটি নিশ্চিত শট ক্রসবারে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয়েছিল বেলজিয়াম।

তবে শেষ পর্যন্ত আর হতাশ হতে হয়নি ইউরোপের দলটিকে। ম্যাচের ১২৫ মিনিটে স্পটকিক থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে বেলজিয়ামকে ৩–২ ব্যবধানে জয়ী করেন ইউরি টিলেমান্স। দুই গোলে পিছিয়ে থেকেও ৩ মিনিটের সেই অবিশ্বাস্য কামব্যাক আর অন্তিম মুহূর্তের পেনাল্টি নাটকীয়তার এই ম্যাচটি চলতি ২০২৬ বিশ্বকাপের অন্যতম সেরা রোমাঞ্চকর লড়াই হিসেবে ইতিহাসে জায়গা করে নিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here