বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি হওয়া প্রায় তিন লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাতেনাতে আটক করা হয়েছে নাসিম (২১) নামে এক চোরকে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টায় ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের রমনা থানাধীন সরকারি কর্মচারী হাসপাতালে এ ঘটনা ঘটে।
বিজিবি ও হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের দ্বিতীয় তলায় দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্য মো. আব্দুল হাদি মেডিসিন স্টোরের সামনে অভিযুক্ত নাসিমকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। বিষয়টি তিনি দ্রুত ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলামকে অবহিত করেন।
খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলাম ও টহলরত এপিসি মো. হামিদুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। এ সময় একটি লাগেজ ও তিনটি ব্যাগসহ নাসিমকে আটক করা হয়।
পরবর্তীতে ব্যাগ ও লাগেজ তল্লাশি করে সরকারি কর্মচারী হাসপাতালের প্রায় ৫০০ বক্স সরকারি ওষুধ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এছাড়া তার হেফাজত থেকে তিনটি স্মার্টফোন এবং তিনটি আইডি কার্ড জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আটক ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে রমনা থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।
সরকারি হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সরকারি সম্পদ সুরক্ষায় আনসার সদস্যদের এই দায়িত্বশীল ভূমিকা ও পেশাদারিত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।