সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের ৩ জন নিহত

0
2
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের ৩ জন নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবারের স্বজনরা জানিয়েছেন।

নিহতরা হলেন—সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। আহতরা হলেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং তাদের বড় ছেলে নাবিল।

স্বজনদের বরাতে জানা গেছে, পরিবারটি দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করে আসছিল। বৃহস্পতিবার সকালে পরিবারের পাঁচ সদস্য একটি ব্যক্তিগত গাড়িতে করে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হন। প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রমের পর তাদের গাড়িটিকে পেছন থেকে একটি ভারী যানবাহন ধাক্কা দেয়। এতে গাড়িটি দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তানিয়া তাহমিনা রিনা, তার ছেলে তাসবিক ও মেয়ে জারা নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত শফিকুল ইসলাম খোকন ও নাবিলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

নিহত তানিয়ার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর বলেন, দুর্ঘটনার পর আহত দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

তানিয়ার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ বলেন, তার ভগ্নিপতি শফিকুল ইসলাম খোকন ও ভাগনে নাবিল চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। নিহতদের মরদেহ দেশে আনা হবে, নাকি সৌদি আরবেই দাফন করা হবে—এ বিষয়ে পরিবারের সদস্যরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

এদিকে, একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুর খবরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমরাহ শেষে ফেরার পথে সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচ বাংলাদেশি নিহত হন। একই মাসে মদিনায় ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আরও এক বাংলাদেশি নিহত হন। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি কিশোরী নিহত ও একই পরিবারের সাতজন আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here