হাত নেই, মুখ দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র নিলেন আয়শা

0
2
হাত নেই, মুখ দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র নিলেন আয়শা

আয়শা আক্তার নামে একজন নারী নতুন চাকরি পেয়েছেন। কিন্তু এই নারী অন্য দশজন মানুষের মতো নয়। কারণ তার হাত নেই। এ নারীকে তাই নিয়োগপত্র দেওয়া হলো ভিন্ন আয়োজনে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নিজে নিয়োগপত্র দিয়েছেন। তবে ভাগ্যের নির্মম পরিহাস হাত না থাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া নিয়োগপত্র আয়শা আক্তারকে নিতে হয়েছে মুখ দিয়ে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়শা আক্তারসহ দুজন প্রতিবন্ধী ব্যক্তিকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে দুজনকেই নিয়োগপত্র দেন প্রধানমন্ত্রী।

কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাকে নিয়োগ দেওয়া হয়।

এছাড়া নিয়োগপ্রাপ্ত আরও দুই জন হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।

প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা।

আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই দুই হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আয়শা আক্তারও পা দিয়ে লিখে সম্পন্ন করেন স্নাতকোত্তর। হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে চাকরি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র দেওয়ার পরপরই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here