১০০% নগদ মার্জিন ছাড়াই শিশুখাদ্য আমদানি: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

0
101

এখন থেকে ১০০ শতাংশ নগদ মার্জিন (অগ্রিম টাকা জমা) দেওয়া ছাড়াই শিশুখাদ্য আমদানি করা যাবে। ব্যাংক ও গ্রাহকের মধ্যেকার সম্পর্কের ভিত্তিতে এই আমদানির ক্ষেত্রে মার্জিনের পরিমাণ নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই মর্মে একটি নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা একটি পূর্ববর্তী সার্কুলারে অ-শস্য খাদ্যপণ্য ও প্রক্রিয়াজাত খাবার—যেমন টিনজাত খাবার, চকোলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিংকস ইত্যাদি আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন রাখার নির্দেশ ছিল। তবে, কিছু ব্যাংক এই নির্দেশনার ভুল ব্যাখ্যা করে অত্যাবশ্যকীয় শিশুখাদ্য আমদানির ক্ষেত্রেও এই উচ্চ মার্জিন আদায় করছিল।

নতুন নির্দেশনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এই বিষয়টি স্পষ্ট করেছে যে, শিশুখাদ্য উল্লিখিত তালিকার অন্তর্ভুক্ত নয়। ফলে, এখন থেকে শিশুখাদ্য আমদানির জন্য ব্যাংক ও আমদানিকারক গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করা যাবে।

এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ধারার ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনাটি জারি করেছে।