ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি, আটক তিন

0
1
ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি, আটক তিন

নেত্রকোনার দুর্গাপুরে ডিবি পুলিশের পরিচয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলার আব্বাসনগর তালতলা গ্রামে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন ভুক্তভোগী পরিবারেরই এক ভাতিজা। তবে তিনি এখনো পলাতক।

আটকরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজকুমার (২৬), জামালপুরের ইসলামপুর উপজেলার আব্দুল হামিদ (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহিন আলম (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কৃষক আব্দুল ওয়াদুদের বাড়িতে ৭ থেকে ৮ জন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয়ে প্রবেশ করেন। তারা বাড়ির নারী ও শিশুসহ ৫ থেকে ৬ জনের হাত-মুখ গরু বাঁধার রশি দিয়ে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর বাড়ির এক সদস্য কোনোভাবে বাঁধন খুলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং ভোররাত থেকেই অভিযান চালায়।

লুট হওয়া একটি মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে স্থানীয়দের সহায়তায় পুলিশ আব্বাসনগর তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটক তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন ভুক্তভোগী আব্দুল ওয়াদুদের ভাতিজা রামিম। তার পরিকল্পনাতেই এ ডাকাতি সংঘটিত হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, ভুক্তভোগীর আপন ভাতিজা রামিমই ডাকাতির মূল পরিকল্পনাকারী। তিনি ঢাকায় থেকে ৭ থেকে ৮ জনকে জনপ্রতি ৫ হাজার টাকার চুক্তিতে এনে ডিবি পুলিশের পরিচয়ে চাচার বাড়িতে ডাকাতির পরিকল্পনা বাস্তবায়ন করেন। পলাতক রামিমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here