ঢাকামুখী লেনে তীব্র যানজট, উত্তরমুখী লেনে স্বাভাবিক চলাচল

0
92
ফাইল ছবি

ঈদের আগের দিন শুক্রবার (৬ জুন) সকাল থেকে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম প্রান্তে ঢাকামুখী লেনে দেখা দিয়েছে তীব্র যানজট। যমুনা সেতু পশ্চিমপাড় থেকে সায়দাবাদ পর্যন্ত পুরোপুরি অচলাবস্থায় রয়েছে ঢাকামুখী লেন। যাত্রীদের সুবিধা ও উত্তরবঙ্গমুখী গাড়ির গতি ঠিক রাখতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই লেনের টোল আদায়। ফলে সেতু এলাকা ও সংযোগ মহাসড়কে সৃষ্টি হয়েছে চরম অচলাবস্থা।

সরেজমিনে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকামুখী লেনে ট্রাক, বাস ও প্রাইভেটকারগুলো ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে আছে। যানবাহনগুলো প্রায় স্থবির হয়ে পড়েছে, তবে উত্তরবঙ্গমুখী লেনে রয়েছে স্বাভাবিক গতি ও শৃঙ্খলা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঢাকামুখী যেসব যানবাহন রয়েছে, সেগুলোর মধ্যে চালক ও হেলপার ছাড়া যাত্রী নেই বললেই চলে। অন্যদিকে উত্তরবঙ্গগামী লেনে যাত্রী ও গাড়ির চাপ ব্যাপক হলেও যানজট নেই। তাই মানুষের সুবিধার্থে আপাতত ঢাকামুখী টোল লেন বন্ধ রাখা হয়েছে, কিন্তু উত্তরমুখী টোল আদায় চলছে।

এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, উত্তরবঙ্গমুখী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। যমুনা সেতু পার হওয়ার পর আর কোনো বড় ধরনের জট নেই। মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ টানা কাজ করছে। তারা যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে, তবে ঢাকামুখী লেনে অতিরিক্ত যানবাহনের চাপ তাদের কার্যক্রমে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকামুখী লেনের পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগবে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধরতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here