নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে

0
3
নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য এবার নতুন পদ্ধতিতে খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ রাখা হয়েছে। এ জন্য প্রতিটি বিষয়ের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠি অনুযায়ী, আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

যেভাবে আবেদন করতে হবে

আবেদনের জন্য প্রথমে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর তালিকা থেকে নিজের বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে। পরে একটি মোবাইল নম্বর দিতে হবে।

পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থী বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পারবেন। যে বিষয় বা বিষয়গুলোর ফল পুনরায় যাচাই করাতে চান, সেগুলো নির্বাচন করে ফি পরিশোধের প্রক্রিয়ায় যেতে হবে। দুই পত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।

ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে। সংশ্লিষ্ট পোর্টালেই ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকবে। ফি পরিশোধের পর নির্দিষ্ট বাটনে ক্লিক করে আবেদন চূড়ান্তভাবে জমা দিতে হবে।

যেসব শর্ত মানতে হবে

একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যোগ করা যাবে। তবে নতুন বিষয় যোগ করার ক্ষেত্রে আবার মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের আগে আবেদনে কোনো পরিবর্তন আনতে চাইলে নির্বাচিত কিন্তু অপরিশোধিত বিষয়গুলো বাতিল করে নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি জমা দেওয়া হলে সেই আবেদন আর বাতিল করার সুযোগ থাকবে না। কোনো পরিস্থিতিতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।

এ ছাড়া কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। পুরো পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here