মেসির সেই বক্তব্য ও ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে যা বলছেন আর্জেন্টাইন কোচরা

0
2
মেসির সেই বক্তব্য ও ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে যা বলছেন আর্জেন্টাইন কোচরা

টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে ছিল আর্জেন্টিনা। কিন্তু স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে তারা ন্যূনতম লড়াইও করতে পারেনি। ৯০ মিনিটে কোনো শটই নিতে পারেনি লিওনেল মেসির দল, অতিরিক্ত সময়ে দুটি শট নিলেও তা ছিল না অন-টার্গেটে। এরই মাঝে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির বলা কিছু কথা ছড়িয়ে পড়েছে। যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘ষড়যন্ত্র তত্ত্ব‘।

বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনা দলকে ঘিরে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে। কেউ দাবি করেন, মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টাইন খেলোয়াড়রা গম্ভীর মুখে পৌঁছেছিলেন। কেউবা বলছেন, ১২০ মিনিটে মাত্র একবার গোলমুখে শট নেওয়া দলের উদ্দেশে মাঠে নামার আগে মেসি বলেছিলেন, ‘সবকিছু ভুলে যাই।’ আবার এনজো ফার্নান্দেজ নাকি শুধু কথা বলার কারণেই প্রথম হলুদ কার্ড দেখেছিলেন। এমন অসংখ্য তত্ত্ব ও সন্দেহ ফুটবল-দুনিয়াজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি ও সহকারী কোচ রবার্তো ফ্যাবিয়ান আয়ালা
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ড্রেসিংরুমের একটি ভিডিওতে মেসিকে তার সতীর্থদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আরে, সবাই শান্ত হও। চলো আমরা শান্ত থাকি, শান্ত হও। চলো শুধু খেলার কথা ভাবি, ঠিক আছে? শান্ত থাকো। চলো আমরা সবকিছু ভুলে যাই, সবকিছু ভুলে যাই। চলো শুধু খেলি, এসো, শুধু খেলায় মনোযোগ দিই।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে গতকাল (বুধবার) স্কালোনির সহকারী কোচ রবার্তো ফ্যাবিয়ান আয়ালার কাছে জানতে চাওয়া হয়। জবাবে সব ধরনের ষড়যন্ত্র-তত্ত্ব নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘এসব কথা আমরা শুনি আর ভাবি– “মানুষ কীভাবে এসব বলতে পারে?” কারণ এসবের কিছুই ঘটেনি। বরং ঘটেছে ঠিক উল্টোটা।’

বিশ্বকাপ ফাইনালে স্পেনের আধিপত্য দেখানো পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে আয়ালা আরও বলেন, ‘একটি দল আমাদের ছাড়িয়ে গেছে, বিষয়টি এতটুকুই। এর বাইরে কিছু খোঁজার দরকার নেই। আমাদের শুধু মাঠের ফুটবল নিয়েই কথা বলা উচিত, যা সত্যিই ঘটেছে। অন্যসব আলোচনা কোনো মূল্য যোগ করে না।’

এর আগে নিজ শহর পুজাতোতে যাওয়ার পূর্বে মেসি-এনজোদের প্রধান কোচ লিওনেল স্কালোনিকেও ইন্টারনেটে ছড়িয়ে পড়া নানা তত্ত্ব ও মেসির সেই বক্তব্য এবং দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। এসব সম্পর্কে আমার কিছুই জানা নেই। আপনারা যা বলছেন, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’ শান্তভাবে উত্তর দিলেও তার বক্তব্যে ছিল সব ধরনের ভিত্তিহীন জল্পনা থামিয়ে দেওয়ার দৃঢ় বার্তা।

স্কোয়াডের সবার মধ্যে কি একতা ছিল নাকি কোনো অন্তর্দ্বন্দ্ব চলছিল, এই প্রশ্ন করতেই লাফিয়ে গাড়ি থেকে বের হলেন স্কালোনি, ‘আমি বিশ্বাস করতে পারছি না আপনারা কী বলছেন। আমরা একেবারে ভিন্ন পথে হাঁটছি।’ খেলোয়াড়দের মনোভাব নিয়ে তিনি জোর গলায় বললেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ছেলেরা তাদের সবটুকু উজাড় করে দিয়েছে, এই জার্সিতে তারা জাত চিনিয়েছে এবং আমাদের সেদিকে মনোযোগ দেওয়া উচিত। আশা করি ভবিষ্যতে যখন একজন খেলোয়াড় জাতীয় দলে আসবে, এটা কোনো ব্যাপার হবে না তখন। কারণ এটা একটা ইঙ্গিত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here