রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১১ সদস্যের কমিটি গঠন

0
1
রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১১ সদস্যের কমিটি গঠন

রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। রোববার (১২ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির।

প্রজ্ঞাপন অনুযায়ী, রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ, বিভিন্ন সংস্থার কার্যক্রমে সমন্বয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব ও কার্যপরিধি নির্ধারণে এই কমিটি কাজ করবে। প্রধানমন্ত্রী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিতে সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা। সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। আর সদস্যসচিব থাকবেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক। পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) কমিশনার এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ)সহ পাঁচজন কর্মকর্তাকে সহায়তাকারী হিসেবে রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান সমন্বয়কের তত্ত্বাবধানে একটি বিশেষ পর্ষদ গঠন করা হবে। এই পর্ষদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর দায়িত্ব নির্ধারণ করবে এবং রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে একটি জাতীয় কর্মকৌশল প্রণয়ন করবে। বিশেষ পর্ষদকে আগামী তিন মাস বা ৯০ দিনের মধ্যে সেই কর্মকৌশল জাতীয় কমিটির কাছে জমা দিতে হবে।

কমিটির প্রশাসনিক ও সচিবালয়-সংক্রান্ত সব ধরনের সহায়তা দেবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। তবে প্রয়োজন হলে কমিটির সিদ্ধান্ত এবং সভাপতির নির্দেশে অন্য কোনো গোয়েন্দা সংস্থা বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নির্দিষ্ট সময়ের জন্য এ দায়িত্ব দেওয়া যাবে।

এছাড়া প্রয়োজন অনুযায়ী যেকোনো সামরিক বা বেসামরিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান অথবা উপযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য কমিটিতে অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here