৪ দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটির গণ্ডি পেরোল থালাপতির শেষ সিনেমা ‘জন নায়গন’

0
2
৪ দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটির গণ্ডি পেরোল থালাপতির শেষ সিনেমা ‘জন নায়গন’

অভিনেতা হিসেবে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’ বক্স অফিসে শুরুর তুলনায় ধীরে ধীরে গতি ফিরে পেয়েছে। মুক্তির আগে বিশ্বব্যাপী উদ্বোধনীর দিনে ১০০ কোটি রুপি আয় করবে বলে ধারণা করা হলেও সেই লক্ষ্য পূরণ করতে পারেনি। তবে সপ্তাহান্তে ঘুরে দাঁড়িয়ে রোববার (২৬ জুলাই) এর মধ্যেই সিনেমাটি বিশ্বব্যাপী ২০০ কোটির গণ্ডি অতিক্রম করেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) মুক্তির দিন তামিলনাড়ুতে ‘জন নায়গন’ এর বেশিরভাগ শো হাউসফুল ছিল। তবে রাজ্যের বাইরে সিনেমাটির ব্যবসা তুলনামূলকভাবে কম ছিল। সব মিলিয়ে উদ্বোধনী দিনে ছবিটি বিশ্বব্যাপী মোট ৭৮ কোটি রুপি আয় করে।

এই আয় সর্বকালের সেরা পাঁচ উদ্বোধনী তামিল চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না, যা বিজয়ের শেষ সিনেমা হিসেবে অনেকের কাছে হতাশাজনক বলে মনে হয়েছে।

শুক্রবার আয় কিছুটা কমলেও শনিবার ও রোববার আবার গতি পায়। শনিবার ভারতে সিনেমাটির নেট আয় ছিল ২৮.৯০ কোটি রুপি এবং রবিবার ৩২ কোটি রুপি। চার দিনের বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্ত শেষে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১২৪ কোটি রুপি এবং গ্রস আয় ১৪৬ কোটি রুপি।

বিদেশের বাজারেও ভালো ব্যবসা করেছে ‘জনা নায়গন’। বিশেষ করে যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার শোগুলো থেকে প্রথম দিনেই ২০ লাখ মার্কিন ডলারের বেশি আয় করে ছবিটি। অন্যান্য দেশ মিলিয়ে আরও ১০ লাখ মার্কিন ডলারের বেশি আয় হয়।

রোববার পর্যন্ত বিদেশি আয় ৭৫ লাখ মার্কিন ডলারের বেশি হয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে ২১৭ কোটি রুপিতে। এর মাধ্যমে চলতি বছরে সূরিয়ার ‘করুপ্পু’ এর পর ২০০ কোটির ক্লাবে পৌঁছানো দ্বিতীয় তামিল ছবি হলো ‘জনা নায়গন’।

প্রসঙ্গত, এইচ ভিনোথ পরিচালিত ‘জনা নায়গন’ রাজনীতিতে পুরোপুরি যোগ দেওয়ার আগে অভিনেতা হিসেবে বিজয়ের শেষ সিনেমা। প্রথমে জানুয়ারিতে মুক্তির পরিকল্পনা থাকলেও সিবিএফসির ছাড়পত্র না পাওয়ায় মুক্তি পিছিয়ে যায়। এর মধ্যে বিজয়ের দল টিভিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ী হয় এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। সিনেমাটিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ এবং নারাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here