মানিকগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে তৃতীয় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আছিয়া বেগম (৩০) নামের এক নারী।
বৃহস্পতিবার শহরের বাসস্ট্যান্ড ফিরোজা জেনারেল হাসপাতালে আছিয়া বেগমের কোলজুড়ে আসে দুই ছেলে ও এক মেয়ে। আর এতে আছিয়া বেগম এবং জন্ম নেওয়া তিন সন্তান সুস্থ আছেন।
আছিয়া বেগম ও তার পরিবার জানান, ৪ মাস পূর্বে আল্ট্রাসনোগ্রাম করে ট্রিপলেটের কথা জানতে পেরে বেশ ভয় পেয়েছিলেন তিনি। পরে মানিকগঞ্জ ফিরোজা জেনারেল হাসপাতালে আসলে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমানের সেবার নিশ্চয়তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়ে ভর্তি করেন রোগীর স্বজনরা। পরে মানিকগঞ্জ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ওসমান গনির মাধ্যমে সিজার অপারেশন সফল হয়।
আছিয়ার স্বামী কৃষক খলিল মিয়া বলেন, এই হাসপাতালে আমার দুইটি ছেলে সন্তান ও একটি মেয়ে হয়েছে। তারা সবাই ভালো আছেন। এখানকার ডাক্তার নার্সরা সবাই ভালো। তারা আমাদের সহযোগিতা করছেন। আমি গরিব মানুষ, বাচ্চাদের ভালোভাবে লালন-পালন করতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।
ফিরোজা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাথী সরকার বলেন, আমি এই আছিয়ার আল্ট্রাসনোগ্রাম করি। রোগীর আগের দুইটা বাবু সিজার অপারেশনের মাধ্যমে হয়েছে। আর ওনার পেটে তিনটা বাচ্চা প্লাস হচ্ছে, তাই আমরা কাউন্সেলিং করে দিই এবং পরীক্ষা-নিরীক্ষা সবই করে দেই। তারপরে রোগী আমাদের কাছে ব্যথা নিয়ে আসেন। পরে আমরা সিজারিয়ান অপারেশন করি। এখন বাচ্চারা স্কেনো ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং ভালো আছেন।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান বলেন, গত ১০ নভেম্বর আছিয়া নামের একজন রোগী আমাদের এখানে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে আমি অপারেশনের ব্যবস্থা করে দেই। মানিকগঞ্জ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ওসমান গণি স্যারের মাধ্যমে অপারেশন সফল হয়।
তিনি আরও বলেন, রোগীর পরিবারটি খুবই গরীব। তাই হাসপাতালটির পক্ষ থেকে বিল কমিয়ে ছাড় দেওয়া হয়েছে। এর আগেও তাদের ছাড় দেওয়া হয়েছে। বর্তমানে মা ও বাচ্চারা ভালো আছেন বলে জানান তিনি।

