ভূমি পরিষেবায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় ভূমি কর্মচারীদের বদলি সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে। বুধবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয় এ আদেশ জারি করে।
পরিপত্র অনুযায়ী, একই কর্মস্থলে বা শাখায় তিন বছরের বেশি সময় ধরে কর্মরত (১০ম থেকে ২০তম গ্রেডের) কর্মচারীদের বদলি করা হবে। দীর্ঘ সময় একই স্থানে থাকলে জনদুর্ভোগ এবং হয়রানির ঝুঁকি বেড়ে যায় বলে এতে উল্লেখ করা হয়েছে।
পরিপত্রে বদলির ক্ষেত্রে চারটি দিকনির্দেশনা দেওয়া হয়েছে:
- পর্যায়ক্রমে কাজের সুযোগ: মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া।
- ৩ বছরের সীমা: একই কর্মস্থল বা শাখায় তিন বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মচারীদের অন্যত্র বদলি।
- দুর্গম এলাকায় বদলি: দুর্গম বা প্রতিকূল যোগাযোগপূর্ণ এলাকায় কর্মরত কর্মচারীদের চাকরির মেয়াদ দুই বছর পূর্ণ হলে তাদের বদলি।
- বিশেষ ক্ষেত্রে বদলি: শারীরিক অসুস্থতা, নৈতিক স্খলন বা সুনির্দিষ্ট কারণে নির্ধারিত সময়ের আগেই বদলি করা হলে এর সঠিক কারণ দ্রুত সময়ের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, কিছু কর্মচারী দীর্ঘদিন একই স্থানে থাকার ফলে সেবা প্রদানে স্বচ্ছতা ব্যাহত হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। এ পরিস্থিতি এড়াতে এবং ভূমি রাজস্ব প্রশাসনের দক্ষতা বৃদ্ধির জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে। এই নীতি বাস্তবায়নের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় জবাবদিহি এবং জনসেবার মান বৃদ্ধি পাবে বলে আশা করছে মন্ত্রণালয়।


