জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক আওয়ামী লীগ সরকারের ১০ মন্ত্রী, দুই উপদেষ্টাসহ ১৪ জন হেভিওয়েট আসামিকে। মাসখানেক আগে শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর মধ্যে গ্রেপ্তার হওয়া ১৪ জনকে আজ আদালতে তোলা হবে।
আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, দীপু মনি, ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলক। এছাড়া উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই এলাহি চৌধুরী এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও রয়েছেন।
প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অকাট্য তথ্য-প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় কাগজপত্র আজ সরবরাহ করা হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে আদালত এলাকায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালত চত্বরে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিক ছাড়া অন্যদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিচার প্রক্রিয়া শুরু হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


