কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর বা তারও কম হতে পারে।
তিনি বলেন, “আমরা অন্তর্বর্তী সরকার, স্থায়ী সরকার নই। আমাদের মূল উদ্দেশ্য হলো জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন করা।”
রবিবার (১৭ নভেম্বর) আল-জাজিরায় প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৯-এ অংশগ্রহণ করেন ড. ইউনূস। সম্মেলনের ফাঁকে তিনি আল-জাজিরাকে বাংলাদেশের জলবায়ু সংকট এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
ইউনূস আরও বলেন, “নির্দিষ্ট কোনো সময়ের পরিকল্পনা নিয়ে এ সরকার বসেনি। তবে, বর্তমান নির্বাচিত সরকারের মেয়াদ যেহেতু চার বছর করার চেষ্টা করা হচ্ছে, তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে এটা নিশ্চিত।”
তিনি বলেন, নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে, কারণ জনগণ সরকারের মেয়াদ কম চায়। তবে, নির্বাচনের সময়সূচি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।
ইউনূস বলেন, এখনই নির্বাচন হলে সব সমস্যার সমাধান হবে না। তবে জনগণ যদি চায়, তবে নির্বাচন আয়োজন করতে সরকার প্রস্তুত।
তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি ও সংস্কারের কাজ সমান্তরালভাবে চলমান রয়েছে এবং নতুন বাংলাদেশে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। সূত্র: আল-জাজিরা


