সিরাজগঞ্জের বেলকুচি থানার গারামাসি গ্রামের রাসেল হোসেন (৩০) হত্যার এক মাস পেরিয়ে গেলেও এখনো পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। এ অবস্থায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে বেলকুচি থানার সামনে ভুক্তভোগীর স্বজন ও গারামাসি গ্রামের কয়েক শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। তারা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাসেলের বাবা বাবুল সরকার আশুলিয়া থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তথ্য অনুযায়ী, রাসেলের ছোট ভাই মাসুদ রানার চাকরি দেওয়ার কথা বলে মতিন নামের এক ব্যক্তি তার কাছ থেকে ৬ লাখ ৭৩ হাজার টাকা নেন। কিন্তু চাকরি না দিয়ে টালবাহানা শুরু করেন। পরবর্তীতে রাসেল পাওনা টাকা চাইতে গেলে মতিন তাকে ঢাকায় ডেকে নেন। তিন দিন একসঙ্গে থাকার পর ১২ অক্টোবর সকালে রাসেল ঘুমন্ত অবস্থায় থাকাকালে মতিন তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নিহতের বাবা বাবুল সরকার বলেন, মতিন আমাদের বাড়িতে এসে রাসেলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে আমার ছোট ছেলের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকার বেশি নেয়। পরে পাওনা টাকা চাইলে রাসেলকে ঢাকায় ডেকে নিয়ে হত্যা করে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
নিহতের ছোট ভাই মাসুদ বলেন, আমার ভাই হত্যার ঘটনায় এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। আমি এ হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের ফাঁসি চাই।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকেরিয়া হোসেন জানান, ঘটনাটি যেহেতু আশুলিয়া থানার এলাকায় ঘটেছে, তাই মামলাটিও সেখানেই হয়েছে। আশুলিয়া থানার পাঠানো কিছু কাগজপত্র আমরা পেয়েছি এবং সেগুলো তদন্ত করছি। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

