নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদীর পাড়ে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও ঘাটের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে ঘটা এই সংঘর্ষে এক সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষে লিপ্ত উভয় পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কাঁচপুর বালু নামানোর ঘাটের ইজারা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ছোট ভাই রাসেল মাহমুদের নামে রয়েছে। বিআইডব্লিউটিএ থেকে প্রাপ্ত এই ইজারার দখল বুঝে নিতে গেলে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের অনুসারীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকও হামলার শিকার হন।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “বালুর ঘাট নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”