নাটোরের বড়াইগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্য সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার আহমেদপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে জমি নিয়ে কায়েমকোলা গ্রামের জোয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস গ্রুপের সাথে নওপাড়া গ্রামের বিএনপি সমর্থক দুলাল গ্রুপের লোকজনের বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসায় মঙ্গলবার দুপুরে নওপাড়া গ্রামে শালিস বসে দুই পক্ষ। শালিসে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে দুলাল গ্রুপের লোকজন জুলহাস গ্রুপের লোকজনের ওপর হামলা করে। এতে জুলহাস গ্রুপের ৫ সমর্থক আহত হয়। এরই জের ধরে রাত ৭ টার দিকে জুলহাসের লোকজন আহমেদপুর বাজারে এলে দুইপক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুলাল গ্রুপের ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

