ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা শুটিং সেটে গোপনে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন। বুধবার রাতে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। প্রায় ২২ মিনিটের লাইভে কান্নাজড়িত কণ্ঠে তিশা অভিযোগ করেন, এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে শুটিং সেটে ঢুকে তাঁর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।
তিশা জানান, চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে বাপ্পি খানের পরিচালনায় একটি নাটকের শুটিং চলাকালে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে শুটিং সেটে প্রবেশ করেন এবং অন্য সাংবাদিকদের মতো আচরণ করেন।
তিশা বলেন, “তিনি গোপনে আমার ভিডিও ধারণ করেছেন, যা পরে ‘কাউসার কিংডম’ নামে একটি ফেসবুক পেজে আপলোড করা হয়। ভিডিওটির ভিউ ইতোমধ্যে ২.১ মিলিয়ন ছাড়িয়েছে। ভিডিওটি পেজ থেকে সরিয়ে নেওয়া হলেও তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।”
অভিনেত্রীর ভাষ্য, “আউটডোর শুটিংয়ে আমাদের আলাদা প্রস্তুতির জায়গা থাকে না। আমি লেপেল মাইক্রোফোন ঠিক করছিলাম, তখন তিনি সেই মুহূর্তটি ভিডিও করেন। আমি ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনো এমন কাজ করবেন না। কিন্তু এই ব্যক্তি আমার বিশ্বাস ভেঙেছেন।”
ঘটনার পর তিশা অভিযুক্ত ব্যক্তিকে বয়কট করার আহ্বান জানান। তিনি বলেন, “এই ব্যক্তি সাংবাদিকতার নামে অপরাধ করছেন। তিনি কোনো শুটিং স্পট বা মিডিয়ার অনুষ্ঠানে যেন প্রবেশ করতে না পারেন, সে ব্যবস্থা নিতে হবে। আমি অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”
তিশা আরও জানান, পেজটিতে আরও অনেক অভিনেত্রীর ভিডিও রয়েছে। তিনি বলেন, “আমি পেজে সারিকা সাবাহ, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি এবং কুসুম শিকদার আপুর গোপন ভিডিও দেখেছি। এ ধরনের অপরাধী মিডিয়ার পরিবেশ নষ্ট করছে।”
এই ঘটনার পর বিনোদন জগতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শুটিং সেট ও মিডিয়া অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। তাসনুভা তিশার এই সাহসী অবস্থানকে স্বাগত জানিয়ে শুটিং সেটে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় নতুন নীতিমালা তৈরির দাবি উঠেছে।
এ বিষয়ে তাসনুভা তিশা ভক্ত ও সহকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমার এই অভিযোগের মাধ্যমে শুটিং সেটে অভিনেতা-অভিনেত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এ ধরনের কাজ আর কখনো যেন না ঘটে, সেটাই আমার চাওয়া।”


