যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এনকিনিটাস উপকূলীয় অঞ্চলে সম্প্রতি একটি অরফিশ ভেসে এসেছে, যা আবারও মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। ‘কেয়ামতের মাছ’ হিসেবে খ্যাত এই অরফিশ একাধিকবার মার্কিন উপকূলে ভেসে এসেছে।
গত ৬ নভেম্বর গ্যান্ডভিউ বিচে ৯ ফুট দীর্ঘ একটি মৃত অরফিশ পাওয়া যায়। এটি গত তিন মাসে তৃতীয়বারের মতো উপকূলে ভেসে আসা অরফিশের ঘটনা। এর আগে, গত এক শতাব্দীতে মাত্র ২২বার এমন ঘটনা ঘটেছিল।
অরফিশকে সমুদ্রের গভীরতম অঞ্চলে বাস করা মাছ হিসেবে চিহ্নিত করা হয়, যা প্রাকৃতিক বিপদ, বিশেষ করে ভূমিকম্প বা সুনামির পূর্বাভাস হিসেবে দেখা যায়। জাপানি পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে, উপকূলে অরফিশের উপস্থিতি ভয়াবহ বিপদের সংকেত হতে পারে। ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পের আগেও জাপানের উপকূলে একাধিক অরফিশ ভেসে এসেছিল।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির স্ক্রিপস ইনস্টিটিউশনের অধ্যাপক অ্যালিসন লাফেরিয়া জানান, মৃত অরফিশটি উদ্ধার করে আঞ্চলিক মৎস্যবিজ্ঞান কেন্দ্রে পাঠানো হয়েছে। স্ক্রিপস ওশানোগ্রাফির সামুদ্রিক কঙ্কাল সংগ্রাহক কেন্দ্রের ব্যবস্থাপক বেন ফ্রেবল জানিয়েছেন, তারা নমুনা সংগ্রহ করে গবেষণার জন্য হিমায়িত করেছেন।
অরফিশের সম্পর্কে গবেষকদের দাবি, এটি প্রায়ই ‘সমুদ্র সর্প’ হিসেবে পরিচিত। এর দৈর্ঘ্য ৩০ ফুট পর্যন্ত হতে পারে, তবে সাধারণত এটি গভীর সমুদ্রে বাস করে এবং বিপদে পড়লেই উপকূলের দিকে চলে আসে।

