পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরানের সরকার পতনের পেছনে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কারাবন্দি ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই অভিযোগ করেছেন। ভিডিওতে তিনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ-এর প্রতিবেদনে উঠে এসেছে, ২০২০ সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরানের সরকার পতনের পেছনে সৌদি অসন্তোষ বড় ভূমিকা পালন করেছে।
বুশরা বিবি অভিযোগ করেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়া সৌদি কর্মকর্তাদের ফোন গ্রহণ শুরু করেন, বিশেষ করে ইমরান খান মদিনায় খালি পায়ে জিয়ারত করার পর। ভিডিও বার্তায় তিনি বলেন, “সৌদি কর্মকর্তারা বাজওয়াকে জিজ্ঞেস করেছিলেন, ‘এ কেমন মানুষ, যাকে আপনি ক্ষমতায় এনেছেন? আমরা এমন কাউকে চাই না।’”
তিনি আরও বলেন, এরপর থেকেই সৌদি আরব ইমরান খানের বিরুদ্ধে কুৎসা রটাতে শুরু করে এবং তাকে ‘ইহুদি এজেন্ট’ আখ্যা দেওয়া হয়।
বুশরার এই অভিযোগের পর পাকিস্তান সরকার কড়া প্রতিবাদ জানিয়ে একে পাকিস্তান ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ‘আত্মঘাতী আক্রমণ’ হিসেবে আখ্যা দেয়।
জ্যেষ্ঠ সাংবাদিক আনসার আব্বাসী বুশরার বক্তব্যকে ভিত্তিহীন উল্লেখ করে বলেন, “ইমরান খানের পতনের পেছনে মূল ভূমিকা পালন করেছে তার নিজের পরিবার।”
এছাড়া পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা তাহির আশরাফি বলেন, “ইমরান খানের সৌদি সফরে প্রত্যাশার চেয়েও বেশি কিছু পাওয়া গেছে। বুশরার এই অভিযোগ একেবারেই মিথ্যা।”
বুশরা বিবি জানান, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগার থেকে নেতাকর্মীদের বার্তা পাঠিয়েছেন। তিনি ২৪ নভেম্বরের বিক্ষোভে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এবং বলেন, এই তারিখ কোনোভাবেই পরিবর্তন হবে না।
বুশরার মন্তব্য পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। ইমরান সমর্থকরা এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখলেও বিরোধী শিবির তা প্রত্যাখ্যান করেছে।


