আলোচিত চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ইসমাইল হোসেন মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের বাসিন্দা। তিনি ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ জানিয়েছেন, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। তবে নিহতের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। ভোর রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ইসমাইল গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসমাইলের বন্ধু মনির হোসেন দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আগারগাঁও পঙ্গু হাসপাতালে নেওয়া হলে একটি পা কেটে ফেলতে হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
নিহত ইসমাইল এক সময় চিত্রনায়িকা পরীমনির স্বামী ছিলেন। পরবর্তীতে তিনি পুনরায় বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রীর ঘরে দুটি সন্তান রয়েছে।


