লক্ষ্মীপুরে দাওয়াত না পাওয়ায় তাফসিরুল কুরআন মাহফিল বন্ধ করেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন।
মাহফিল আয়োজকরা শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন।
আয়োজকদের অভিযোগ, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম ব্যবহার করে মাহফিল আয়োজনের কার্যক্রমে বাধা দেন আলমগীর হোসেন। তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে নেওয়া, বিদ্যুৎ সংযোগ এবং মাইকের তার কেটে দেওয়ার মতো কার্যক্রম করেন।
মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির ও মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব আহছান হাবিব জানান, শুক্রবার বিকেল ৩টায় মোহাম্মদিয়া জামে মসজিদের মাঠে মাহফিল শুরু হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার রাতে আলমগীর মাহফিল বন্ধ রাখতে নির্দেশ দেন। তার দাবি ছিল, বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানিকে দাওয়াত না দেওয়ায় মাহফিল আয়োজন বন্ধ করতে হবে।
আলমগীর হোসেন বলেছেন, আমাকে এবং এ্যানি চৌধুরীকে দাওয়াত দেওয়া উচিত ছিল। আমি এলাকাবাসী এবং মাহফিল আয়োজকদের এ বিষয়ে সমন্বয়ের পরামর্শ দিয়েছি। তবে মাহফিল বন্ধ করার কোনো নির্দেশ দেইনি।

