টেকনাফ সাগরে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে সাগরে ঘুরতে এসে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। আমার ছেলেসহ দুই শিশু নিখোঁজ রয়েছে।

0
216

কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেশখালীপাড়া সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ হয়েছে। 

রোববার (২৪ নভেম্বর) দুপুরের দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীপাড়া নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম নুর কামাল (১২)। সে স্থানীয় কোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে। আর নিখোঁজ শিশুরা হলো- ইমরান হোসেন (১২) ও নজরুল হক (১২)। তারা তিনজনই টেকনাফ সদর ইউনিয়নের কোনকারপাড়ার আসরাফিয়া দার-উননাজাত মাদ্রাসার ছাত্র।

নিখোঁজ এক শিশুর বাবা মো. কামাল বলেন, মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে সাগরে ঘুরতে এসে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। আমার ছেলেসহ দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করার জন্য কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এ বিষয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার নাথ জানান, দুপুরে টেকনাফ মহেশখালীপাড়া নৌঘাট থেকে তিন শিশু একসঙ্গে সাগরে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায়। পরে নুর কামাল নামে এক শিশুর মরদেহ সৈকতে ভেসে আসে। বাকি দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে।

টেকনাফ থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ মুহূর্তে কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার অভিযান চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here