ইসলামাবাদে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করল পিটিআই

"সরকারের বর্বরতা এবং সাধারণ নাগরিকদের জন্য রাজধানীকে একটি ‘কসাইখানায়’ পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে আমরা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি সাময়িক স্থগিত করছি।"

0
246

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলমান বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বুধবার ভোরে দলটির শীর্ষ নেতৃত্ব এ সিদ্ধান্ত ঘোষণা করে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।

পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, “সরকারের বর্বরতা এবং সাধারণ নাগরিকদের জন্য রাজধানীকে একটি ‘কসাইখানায়’ পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে আমরা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি সাময়িক স্থগিত করছি।”

ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে ডি-চকে ডাকা সমাবেশ সহিংস রূপ নেয়। গত তিন দিন ধরে চলা এই সমাবেশে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পিটিআই কর্মীদের সংঘর্ষ হয়। দলটির দাবি অনুযায়ী, সংঘর্ষে এখন পর্যন্ত ৮ কর্মী নিহত হয়েছেন।

গতকাল, মঙ্গলবার, সহিংসতা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সংঘর্ষ ও উত্তেজনার কারণে রাজধানীর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনায় নতুন পদক্ষেপ গ্রহণ করা হবে। ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকারবিরোধী আন্দোলনে এখনো তাদের দাবিতে অটল।

রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার মধ্য দিয়ে চলা এই বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে বন্ধ হলেও পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে দেশ-বিদেশে আলোচনার ঝড় উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here