২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই শহরে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলা ভারতের ইতিহাসে এক কালো দিন হিসেবে চিহ্নিত। এই ঘটনাটি আজও গোটা দেশবাসীর মনে আতঙ্ক ও বেদনার ছাপ রেখে গেছে। তবে এই মর্মান্তিক ঘটনা নিয়ে বলিউড অভিনেতা সলমন খানের একটি পুরনো মন্তব্য ফের বিতর্কের জন্ম দিয়েছে।
২০১০ সালে পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমন খান দাবি করেছিলেন, ২৬/১১-র ঘটনায় পাকিস্তান সরকারের কোনও ভূমিকা নেই। সেই সময় এই মন্তব্য ঘিরে সমালোচনা হয়েছিল, আর এবার সেই পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ায় বিষয়টি আবারও উঠে এসেছে আলোচনায়।
সালমন ওই সাক্ষাৎকারে বলেছিলেন, ২৬/১১ নিয়ে এত বেশি আলোচনা হয়েছে, কারণ এটি সমাজের উঁচু শ্রেণির মানুষের ওপর হামলা ছিল। কিন্তু আমাদের দেশে লোকাল ট্রেন কিংবা ছোট শহরে ঘটে যাওয়া হামলাগুলোর ক্ষেত্রে কেউ এত হইচই করেনি।
তিনি আরও বলেন, সবাই জানে পাকিস্তানের সরকার এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না। এটি একটি জঙ্গি হামলা ছিল। তবে আমাদের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতাই আসল সমস্যা। এর আগেও দেশে বহু হামলা হয়েছে, যার মধ্যে অনেকগুলো দেশের অভ্যন্তরীণ সমস্যা থেকে ঘটেছে। তাজ এবং ওবেরয়ের মতো জায়গায় হামলার কারণে এটি বেশি নজর কেড়েছিল।
সালমনের এই মন্তব্য নতুন করে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন ভয়াবহ ঘটনা নিয়ে কীভাবে তিনি এত অসংবেদনশীল মন্তব্য করতে পারলেন।


