টি-টোয়েন্টি ক্রিকেটে নজিরবিহীন ঘটনা ঘটেছে ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। মণিপুরের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি দলের সব ১১ জন খেলোয়াড়ই বোলিং করেছেন। আন্তর্জাতিক বা স্বীকৃত টি-টোয়েন্টিতে এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি।
দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি নিজেও উইকেটকিপার হয়েও বল করেছেন এবং ২ ওভার বোলিং করে ১ উইকেট নিয়েছেন। দলের তিনজন ৩ ওভার, তিনজন ২ ওভার এবং পাঁচজন ১ ওভার করে বল করেন। তবু মণিপুর ২০ ওভারে মাত্র ১২০ রান করতে পারে।
টেস্টে এমন ঘটনা আগে ৪ বার ঘটলেও ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৯ জন বোলার ব্যবহারের নজির রয়েছে। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে দিল্লির এই রেকর্ড প্রথম।


