জর্জিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, আহত ৪০

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক টেলিগ্রাম পোস্টে দাবি করেছেন, জর্জিয়ার জনগণ বিপ্লবের পথে এগোচ্ছে, যা দেশটিকে বিপদের মুখে ফেলতে পারে।

0
166

জর্জিয়ার রাজধানী তিবলিসিতে সরকারবিরোধী বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা স্থগিত করার সিদ্ধান্তের প্রতিবাদে সাধারণ জনগণ বিক্ষোভে অংশ নিচ্ছে।

রবিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সরকার গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চার বছরের জন্য আলোচনা স্থগিতের ঘোষণা দেয়। এরপরই হাজার হাজার ইউরোপপন্থি এবং সরকারবিরোধী জনগণ রাস্তায় নেমে আসে।

রয়টার্স জানায়, রবিবার রাতে তিবলিসির রুসতাভেলি অ্যাভিনিউয়ে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিক্ষোভকারীরা আতশবাজি ছুড়ে পুলিশের প্রতিরোধ ভাঙার চেষ্টা করে।

বিক্ষোভ ইতোমধ্যেই জর্জিয়ার আটটি শহরে ছড়িয়ে পড়েছে। প্রধান সড়কগুলো অবরোধ করে বিক্ষোভকারীরা দাবি তুলেছেন নতুন নির্বাচনের। তারা অভিযোগ করেছেন, ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি রুশপন্থি এবং স্বৈরাচারী।

প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে বিক্ষোভকারীদের দাবি নাকচ করে দিয়ে বলেছেন, “সরকারের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমরা জনগণের স্বার্থেই কাজ করছি।”

বিক্ষোভে অংশগ্রহণকারী নিকোলোজ মিরুয়াশভিলি বলেন, “আমাদের সরকার জনগণের ইচ্ছাকে উপেক্ষা করছে। আমি এখানে আমার দেশের গণতন্ত্র এবং ইউরোপীয় ভবিষ্যতের জন্য দাঁড়িয়েছি।”

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক টেলিগ্রাম পোস্টে দাবি করেছেন, জর্জিয়ার জনগণ বিপ্লবের পথে এগোচ্ছে, যা দেশটিকে বিপদের মুখে ফেলতে পারে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, জর্জিয়া পশ্চিমা পথ থেকে সরে রাশিয়ার দিকে ঝুঁকছে। তবে জর্জিয়ান ড্রিম পার্টি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাইরের হস্তক্ষেপ প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here