যশোর পৌরসভার জায়গা দখল করে গড়ে তোলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলুর ১০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
রোববার দুপুরে যশোর পৌরসভার উদ্যোগে হযরত বোরহান শাহ সড়কের ওয়াপদা গ্যারেজ মোড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, মফিজুর রহমান ডাবলু একাধিক নোটিশ পাওয়ার পরও পৌরসভার জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেননি। দেড় মাস আগে তাকে ২৪ ঘণ্টার নোটিশ প্রদান করা হলেও তিনি সেটি অমান্য করে স্থাপনা বহাল রাখেন। এমনকি, তিনি নোটিশের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠান।
যশোর পৌরসভার প্রধান প্রকৌশলী শরীফ হাসান জানান, আদালতের নির্দেশনার ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে দখলে থাকা ১০টি পাকা দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ বলেন, মফিজুর রহমান ডাবলুকে চারবার নোটিশ দেওয়া হলেও তিনি তা মানেননি। বরং আইনি পথে এগিয়ে যান। শেষ পর্যন্ত আদালতের নির্দেশনায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়া হয়।

