বাংলাদেশিদের জন্য ভারতের ত্রিপুরার হোটেল বন্ধ

ত্রিপুরায় চিকিৎসা, ভ্রমণ বা অন্যান্য কাজে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ নিয়মিত যাতায়াত করেন। হোটেল পরিষেবা বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশি নাগরিকদের ভ্রমণে জটিলতা তৈরি করতে পারে।

0
199

ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২ ডিসেম্বর) ত্রিপুরা হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ত্রিপুরার স্থানীয় সংবাদমাধ্যম জাগরণ ত্রিপুরা জানিয়েছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতন এবং ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হোটেল অ্যাসোসিয়েশনের সচিব সৈকত ব্যানার্জি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। রাজ্যের সব হোটেল এবং রেস্তোরাঁয় বাংলাদেশি নাগরিকদের পরিষেবা বন্ধ রাখা হবে। তবে, যারা ইতোমধ্যে হোটেলে অবস্থান করছেন, তারা নির্ধারিত সময় পর্যন্ত থাকতে পারবেন। নতুন করে কাউকে পরিষেবা দেওয়া হবে না।

ত্রিপুরায় চিকিৎসা, ভ্রমণ বা অন্যান্য কাজে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ নিয়মিত যাতায়াত করেন। হোটেল পরিষেবা বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশি নাগরিকদের ভ্রমণে জটিলতা তৈরি করতে পারে।

এই সিদ্ধান্ত কতদিন বলবৎ থাকবে বা পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, সে বিষয়ে ত্রিপুরা হোটেল অ্যাসোসিয়েশন থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

পরিস্থিতি স্বাভাবিক করতে উভয় দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজনীয়তা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here