রাজশাহীতে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার

0
177

রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় ১৯টি চাইনিজ কুড়াল, ১৮টি হাসুয়া, ৫টি কুড়াল, ৮টি বড় ছুরি, ৪টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি, এক রাউন্ড শটগানের রাবার বুলেট, ৪.১৫ কেজি গানপাউডার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে র‍্যাব-৫ প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি দল বৃহস্পতিবার রাতে জানতে পারে কতিপয় চরমপন্থি ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র সরঞ্জামাদি লোকচক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় একটি পরিত্যক্ত বাড়িতে ফেলে রেখে গেছে। এরই প্রেক্ষিতে রাত সাড়ে ৩টার দিকে বাগমারা উপজেলার সুলতানপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার বিস্ফোরকদ্রব্য, ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র বর্তমান পরিস্থিতিকে আরও অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তুলতে কতিপয় সন্ত্রাসী দীর্ঘদিন ধরে সংগ্রহ করে আসছিল। তাদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here