২৪ ঘণ্টায় আরও ৩২ জন ফিলিস্তিনি নিহত

0
190

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় আরও ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৬১২ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৯৫ জন। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চলমান হামলায় এখন পর্যন্ত এক লাখ ৫ হাজার ৮৩৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

ইসরায়েলি বাহিনীর আক্রমণে গাজা ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৮৫ শতাংশের বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় ২০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরে বা অনিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

খাদ্য, বিশুদ্ধ পানি, এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। গাজাবাসীর প্রায় সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। ধ্বংসযজ্ঞে গাজার প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here