মৌলভীবাজার মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এ সময় শ্বাসরুদ্ধ হয়ে তার মা ও চাচির মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে শহরতলীর মোস্তফাপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
যুবলীগে নেতার মা মেহেরুন্নেসা (৭০) ও চাচি ফুলেছা বেগম (৬৫) নিজ বাড়িতেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানান এই কর্মকর্তা।

